চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন রেললাইনে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে ‘অঙ্গীকার’ পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এ ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি ও সাধারণ সম্পাদক এম.এ. লতিফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পরিষদ ও নৌ পুলিশের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
১৩৫ বার পড়া হয়েছে