দৌলতপুরে অসহায় রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি প্রায় ২০০ জন অসুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত ও হৃদরোগসহ ব্যয়বহুল নানা রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে তাদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে ব্যর্থ হচ্ছিলেন। এসব রোগীর চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের অসহায় মানুষের পাশে রয়েছেন। কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। এই অনুদান তাদের চিকিৎসা ব্যয়ে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫৪ বার পড়া হয়েছে