খুলনায় তিন দফা ঈদের জামাত অনুষ্ঠিত, ধর্মপ্রাণদের উৎসবমুখর সমাগম
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ (শনিবার) খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে “ঈদ মোবারক” লেখা ব্যানারে শহর সাজানো হয়।
ঈদের প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল ৯টায় দ্বিতীয় এবং ১০টায় তৃতীয় জামাত একই মসজিদে অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ ও বয়রা মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। খালিশপুর জামে মসজিদ এবং বসুপাড়া ইসলামাবাদ জামে মসজিদেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে পৃথক সময়ে ঈদের জামাত আয়োজন করা হয়।
নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর জামে মসজিদসহ নগরের অন্যান্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্র বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলা সমূহেও অনুরূপভাবে ঈদ উদযাপন করা হয়।
১০৯ বার পড়া হয়েছে