চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ মসজিদে প্রধান ঈদের জামাত, নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এতে ইমামতি করেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯টায়, যেখানে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৪১টি ওয়ার্ডে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদ জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি মেয়র, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ সিনিয়র নেতৃবৃন্দ।
ঈদ জামাতকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চৌকি বসানো হয়।
এদিকে, চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ১০ নম্বর ওয়ার্ডের দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশে বিদ্যমান গণতান্ত্রিক পরিবেশের কারণে মানুষ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে।
তিনি আরও বলেন, “আজ সবার জন্যই ঈদের আনন্দ। একটি গণতান্ত্রিক পরিবেশে সবাই ঈদ করতে পারছে, এতে মানুষ আনন্দিত।”
দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবগুলোও এবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই আনন্দঘন পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
১০৬ বার পড়া হয়েছে