বরিশালে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত, প্রথমবার নারীদের অংশগ্রহণ
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
প্রধান জামাতে অংশ নেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
এবারই প্রথমবারের মতো হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য ঈদের নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিলকিস জাহান শিরিন নারীদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে হাজারেরও বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদে দুইটি করে জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ এবং পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদ উল্লেখযোগ্য।
অন্যদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
১০৫ বার পড়া হয়েছে