বায়তুল মোকাররমে প্রথম জামায়াত অনুষ্ঠিত, পর্যায়ক্রমে আরও চারটি জামায়াত
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্যাপিত হচ্ছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রতি বছরের মতো এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামায়াত আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় জাতীয় মসজিদে প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রথম জামায়াতে ইমামতি করেন খতিব হাফেজ মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এ জামায়াতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং বিপুলসংখ্যক সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্যও পৃথকভাবে পর্দার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মসজিদে বাকি চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু এলাকায় শুক্রবার (২০ মার্চ) আগাম ঈদুল ফিতর উদ্যাপন করা হয়। পটুয়াখালী, চাঁদপুর ও মাদারীপুরসহ কয়েকটি জেলায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় দোয়া করেন।
১১৮ বার পড়া হয়েছে