সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেট বিভাগে শুরু হয়েছে সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে নতুন রাজনৈতিক তৎপরতা।
সংসদের বিশেষ কোটার এই আসনে মনোনয়ন পেতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে জোর লবিং। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজপথের লড়াকু নেত্রী ও অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—থেকে অন্তত ১০ জন নারী নেত্রী সংরক্ষিত সংসদীয় আসনের জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের ত্যাগ ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার দিক থেকে অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ সিলেট ল’ কলেজের সাবেক নির্বাচিত ভিপি। তিনি সিলেট মহানগর মহিলা দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় সরকার ও দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
২০০৩ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেন। পাশাপাশি তিনি সিলেট সিটি করপোরেশনে তিনবার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, রোকসানা বেগম শাহনাজ শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখা একজন নেত্রী। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনেই ধানের শীষের পক্ষে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে তিনি তৃণমূলের সাধারণ মানুষের কাছেও বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।
তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সিলেটের উন্নয়ন ও সংসদে নারী অধিকারসহ জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে রোকসানা বেগম শাহনাজের মতো অভিজ্ঞ ও সাহসী নেত্রীর প্রয়োজন রয়েছে। তাই তারা আশা করছেন দল তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করবে।
এদিকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেত্রীদের মতো রোকসানা বেগম শাহনাজও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য প্রত্যাশীরা নিজ নিজ রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের বিবরণ তুলে ধরছেন।
সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে দলীয় প্রধানের সিদ্ধান্তের ওপর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, সিলেট বিভাগের সংরক্ষিত আসনের জন্য শেষ পর্যন্ত দলের আস্থা কার ওপর গিয়ে পড়ছে।
১১৮ বার পড়া হয়েছে