জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রহস্য
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার ইসলামনগরের ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম জানিয়েছেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। পরে সাভারের হাসপাতালে প্রেরণের সময় তার মৃত্যু নিশ্চিত হয়।
নিহতের সহপাঠীরা জানান, বিকেলে তার স্বামী বাসায় ফিরে কক্ষের দরজা বাইরে থেকে লাগানো অবস্থায় পান। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি শারমিনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার ও এনাম হাসপাতালে নেওয়া হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, শিক্ষার্থীকে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২০০ বার পড়া হয়েছে