গোপালগঞ্জে শুরু হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড় বারুনী স্নানোৎসব
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ীতে আজ সোমবার (১৬ মার্চ) থেকে শুরু হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ বারুনী স্নান উৎসব। তিন দিনব্যাপী চলার এই উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের লাখ লাখ মতুয়া ভক্ত।
২০০ বছরের ঐতিহ্যবাহী এই স্নান উৎসব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে পালিত হয়। উৎসব আজ সকাল ৮টা ৩৭ মিনিটে শুরু হবে এবং আগামী মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পৌনে ৯টা পর্যন্ত চলবে। পাশাপাশি তিন দিনব্যাপী মেলায় দেশের বিভিন্ন জেলার কুটির শিল্প, মৃৎ শিল্প, খেলনা ও খাবারের দোকান বসবে।
উৎসবের প্রধান আকর্ষণ কামনা সাগরে স্নান। বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাদিপতি শ্রীমতি সীমাদেবী ঠাকুর ১৭ মার্চ ব্রক্ষ্মমূহুর্তে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পূজার মাধ্যমে পূণ্য লাভ ও দেশের মঙ্গল কামনা করবেন। ভক্তরা পূজার পর ঠাকুর বাড়ির বড় পুকুর কামনা সাগরে স্নান করে পাপমুক্তি ও পূণ্য লাভের প্রার্থনা করবেন।
এবার শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি উপলক্ষে উৎসবে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশের অন্তত দশ লাখ মতুয়া ভক্ত। ওড়াকান্দির আশপাশের অন্তত ৫ কিলোমিটার এলাকা উৎসবের আমেজে ভরে যাবে।
নিরাপত্তার জন্য গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-০২ আসনের ডাক্তার কে এম বাবর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহসহ কর্মকর্তারা উৎসবস্থল পরিদর্শন করেছেন।
উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী অমিতাভ ঠাকুর জানিয়েছেন, মতুয়া সংঘের ছয় শতাধিক স্বেচ্ছাসেবক ভক্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও সেবার দায়িত্ব পালন করবেন। এছাড়া মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, “দেশ-বিদেশের লক্ষাধিক মানুষ এ উৎসবে যোগ দিতে আসবেন। আমরা ষষ্ঠ পুরুষ হিসেবে অনুষ্ঠানটি চালাচ্ছি এবং সকল মানবজাতির শান্তি কামনা করি।”
উল্লেখ্য, ওড়াকান্দি ঠাকুরবাড়ি শ্রী হরিচাঁদ ও তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের কাছে এটি একটি পবিত্র পুণ্যভূমি। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঠাকুরবাড়িতে পূজা অর্চনা করেছেন।
১২৮ বার পড়া হয়েছে