দুই নারীর মৃত্যু: শেবাচিমের দুই নার্স সাময়িক বরখাস্ত
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম)-এ ভুল চিকিৎসার ফলে দুই নারীর মৃত্যু হওয়ায় হাসপাতালের দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী রবিবার সন্ধ্যায় বরখাস্ত হয়েছেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হক, সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক সার্জন ডা. আল মামুন খান, এবং সদস্য হিসেবে হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীন।
কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন হেলেনা বেগম (৪৮) ও শেফালী বেগম (৭০) রবিবার সকালে ভুল ইনজেকশন প্রয়োগের শিকার হন। এই ভুল চিকিৎসার কারণে দু’জন রোগী মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে মৃত্যুবরণ করলে হাসপাতালজুড়ে তোলপাড় শুরু হয়।
১২০ বার পড়া হয়েছে