জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে শুক্রবার রাত ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো: তাইফুর (৪০) তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া (৩৬)কে বাসায় পুড়িয়ে হত্যা করেন। পুলিশ অভিযান চালিয়ে দেরি না করে হোসাইনকে গ্রেফতার করেছে এবং নিহত তানিয়ার লাশ উদ্ধার করেছে।
জানা যায়, বিবাহের ১৭ বছর আগে মুকুন্দবাড়ীর আবু তাহেরের কন্যা তাহমিনা আক্তারের সঙ্গে দড়িপাড়া এলাকার হোসাইন মো: তাইফুরের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে—বড় ছেলে তাসফিক ও ছোট মেয়ে তাহা। দীর্ঘদিন ধরে হোসাইন মাদক সেবনের কারণে দাম্পত্য জীবনে বারবার ঝগড়া লেগে আসছিল।
নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল বলেন, “বাবার বাড়ি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাহমিনা স্বামীর বাড়িতে যান। হঠাৎ রাত দেড়টার দিকে তার ভাই তুহিন আমাকে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা চাই এই ঘটনার সর্বোচ্চ বিচার হোক।”
স্থানীয় শাকিল লস্কর জানান, “রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। জানালা ভেঙে খাটের ওপর দগ্ধ দেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে তারা আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করে।”
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এবং বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। দ্রুত অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পারিবারিক কলহের ঘটনা। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
১৪৫ বার পড়া হয়েছে