পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে জেলা প্রশাসন ও ভ্রাম্যমান খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের যৌথ অভিযানে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহারের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পিরোজপুর শহরের সিইও অফিস এলাকার ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট ও ফুড প্যালেসে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশের ভ্রাম্যমান খাদ্য নিরাপত্তা পরীক্ষার তাৎক্ষণিক পরীক্ষায় ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের দুধে ডিটারজেন্ট এবং ফুড প্যালেসের জিলাপিতে হাইড্রোজেন উপস্থিতি শনাক্ত হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল খাদ্য বিক্রির দায়ে উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় জরিমানা প্রদান করা হয়।
অভিযানে শহরের বিভিন্ন দোকানের হলুদ, মরিচ ও দুগ্ধজাত পণ্যের নমুনা পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তা শামীম হোসেন জানান, দুধে ডিটারজেন্ট মেশানো অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তিনি ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে সন্দেহজনক খাদ্যপণ্য দেখলে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং রমজানকে সামনে রেখে খাদ্যে ভেজাল রোধে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে।
১২১ বার পড়া হয়েছে