গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র অনুদান
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মো. ইয়াছিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্ত নিহতদের পরিবারের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকার গাজী মো. হাফিজুর রহমান, রুহুল আমীন খান, দুলাল খান, গোপীনাথপুর গ্রামের মো. অলিদ হাসান খান, ইছাখালী গ্রামের বাধন হাসান, দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ, কাজুলিয়া গ্রামের একরাম শেখ এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আলিশা মুসকানের পরিবার। মোট আটটি পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। পাশাপাশি তিনি অনুদানের অর্থ সঠিকভাবে ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
১০৫ বার পড়া হয়েছে