রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড-এর পশ্চিম জোন।
আটক ব্যক্তি মুন্না ইসলাম (২৪)। তিনি রূপসা উপজেলার আন্দাবাজ গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন রূপসার একটি আভিযানিক দল রূপসা থানাধীন আলাইপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
৩০০ বার পড়া হয়েছে