চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দগ্ধ শাখাওয়াত হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাখাওয়াতের ফুফাতো ভাই জামশেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসকরা তাদের শাখাওয়াতের মৃত্যুসংবাদ দেন।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর আইসিইউতে ভর্তি ছিলেন। একই দিন দুপুরে সামির আহমেদ সুমনও মৃত্যুবরণ করেন।
এরও আগে সকালে শাখাওয়াত হোসেনের ছেলে সাফায়াত হোসেন এবং আগের দিন বিকেলে তার স্ত্রী নুরজাহান বেগম মারা যান। বর্তমানে পরিবারের আরও চার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় একই পরিবারের নয়জন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
১২৩ বার পড়া হয়েছে