চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ থানার পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই এলাকার আসাদুল মন্ডলের একটি সরিষা ক্ষেতের ভেতরে মেহগনি গাছের নিচে কিছু সন্দেহজনক বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর তিনটি পৃথক পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়।
এ ছাড়াও বোমা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১ কেজি ৭০০ গ্রাম ছোট পাথর, ১ কেজি ৪০০ গ্রাম কাঁচের গুঁড়া, ৩৮৫ গ্রাম লোহার পেরেক, ১২টি লাল রঙের কসটেপ, ৩১টি প্লাস্টিকের জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার অংশ হিসেবেই এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ মিডিয়া সেল জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১৯ বার পড়া হয়েছে