রাজশাহীতে ধানের শীষের সমর্থনে পরিবহন শ্রমিকদের গণসংযোগ, মিছিল
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী নগরীতে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল করেছে সড়ক পরিবহন গ্রুপ ও বিভিন্ন শ্রমিক সংগঠন। রাজশাহী-২ সদর আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর রেলগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে সিএনজি স্ট্যান্ড, রেলগেট, রেলস্টেশন এলাকা এবং শিরোইল বাস টার্মিনালে টিকিট কাউন্টার মাস্টার, দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ঢাকা বাস টার্মিনালের আশপাশের কাউন্টারগুলোতে যাত্রীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল আলম মিঠু, মহানগর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বারেক শেখ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কবির, আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক শ্রমজীবী মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মিছিল ও গণসংযোগ কর্মসূচি চলে। আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
১২৪ বার পড়া হয়েছে