২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক উৎসাহ
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। সফরের শুরুতেই তিনি উপস্থিত হবেন ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায়।
এই মাঠেই অতীতে একাধিকবার বক্তব্য রেখেছিলেন তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সশরীরে দেখার অপেক্ষায় রয়েছেন জেলার বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। তার আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এর আগে বিভিন্ন সময়ে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি ঠাকুরগাঁওয়ের দলীয় কর্মসূচিতে যুক্ত হলেও প্রায় ২৩ বছরের মধ্যে এবারই প্রথম তিনি সরাসরি এই জেলায় আসছেন। সর্বশেষ ২০০৩ সালের ৮ ডিসেম্বর তিনি ঠাকুরগাঁও সফর করেছিলেন।
এই জনসভাটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা হওয়ায় সভাটিকে ঘিরে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসভায় আরও বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী জাহিদুর রহমান।
দলীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও এসে সকাল সাড়ে ১১টায় বড় মাঠের জনসভায় যোগ দেবেন। দুপুর ১টার দিকে তিনি নীলফামারীর উদ্দেশে যাত্রা করবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচন আচরণবিধির কারণে বড় সমাবেশের সুযোগ সীমিত থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনসভা সফল করতে বৃহস্পতিবার রাত থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়, যা শুক্রবার সন্ধ্যার মধ্যেই শেষ হয়েছে। একই সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের আগমনে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভা ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
১১৫ বার পড়া হয়েছে