প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন।
তিনি বলেন, 'আমার প্রতিপক্ষ বা অন্য দল যেই হোক, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমার।'
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদুল ইসলাম আরও বলেন, নির্বাচিত হলে মোংলা-রামপালের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক কারণে যারা এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছেন, তারা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে নিজ নিজ পরিবার নিয়ে নির্বিঘ্নে ফিরে এসে বসবাস করতে পারবেন বলেও তিনি আশ্বাস দেন।
তিনি জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। কেউ অপরাধ করলে দল-পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ শাহআলম, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, পৌর বিএনপি নেতা মাহমুদ রিয়াদ, পৌর যুবদলের সদস্য সচিব এম.এ কাশেম এবং ওয়ার্ড বিএনপি নেত্রী আয়েশা আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।
২২০ বার পড়া হয়েছে