হাদিকে গুলি : পল্টন থানায় মামলা, তিনজন আটক
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার দিবাগত রাতে এ মামলাটি নথিভুক্ত করা হয়।
আজ সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলির ঘটনায় ওসমান হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলা করেছেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে হামলায় জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে আটক করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামিয়া, শিপু ও মারিয়াকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুলিতে মাথায় গুরুতর আহত ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
২৯২ বার পড়া হয়েছে