কেরালায় রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের সময় দুর্ঘটনা
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৯:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কেরালার পতনমতিট্টা জেলার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।
আজ বুধবার (২২ অক্টোবর) হেলিকপ্টারটি অবতরণ করার সময় হেলিপ্যাডের একটি অংশ ধসে পড়ে, ফলে হেলিকপ্টারটি সাময়িকভাবে বেসামাল হয়ে পড়ে।
দ্য হিন্দু ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং হেলিকপ্টারটিকে নিরাপদে সরিয়ে নেয়। স্থানীয় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মূলত নীলক্কালে হেলিকপ্টার অবতরণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে প্রামাদম স্টেডিয়ামে নামতে বাধ্য হয়।
তড়িঘড়ি করে মঙ্গলবার গভীর রাতে সেখানে কংক্রিট দিয়ে হেলিপ্যাড তৈরি করা হলেও, সেটি পুরোপুরি শক্ত না হওয়ায় হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। ফলে অবতরণের সময় মাটিতে গর্ত তৈরি হয় এবং হেলিপ্যাডের একটি অংশ দেবে যায়।
সংবাদসংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, যেখানে দেখা যায় উদ্ধারকারীরা তৎপরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
৩৭৫ বার পড়া হয়েছে