ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত: প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ নিহত ৮
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঘানার আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ঘানার চিফ অব স্টাফ ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানি বোয়ামাহ, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তাবিষয়ক উপসমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মদ, এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপোং।
ঘানার প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়া সামরিক জেড-৯ হেলিকপ্টারটিতে পাঁচজন আরোহী ও তিনজন ক্রু সদস্য ছিলেন। হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে ওবুয়াসি শহরের উদ্দেশে রওনা হয়েছিল, যেখানে তাঁরা অবৈধ খনির বিরুদ্ধে একটি সরকারি কার্যক্রমে অংশ নিতে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় নিহত ক্রু সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার পিটার বাফেমি আনালা, ফ্লাইং অফিসার মানিন তুয়ুম–আমপাদু এবং সার্জেন্ট আর্নেস্ট আদ্দো মেনশাহ।
প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি মাঝপথে রাডারের বাইরে চলে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
৮৬৮ বার পড়া হয়েছে