দেশে ডেঙ্গুর ঊর্ধ্বগতি, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩২৯, মৃত্যু ১
রবিবার, ২২ জুন, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে সারাদেশে ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের অংশে সর্বোচ্চ ১৩৬ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগের বাইরে ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহীতে ১০ জন এবং ময়মনসিংহে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০১ জন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ছয় হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মৃত্যু হয়েছে ৩২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে দেশে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে কিছুটা কমলেও ডেঙ্গুতে প্রাণ হারান ৫৭৫ জন এবং ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয় সরকার সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন।
৩৭৪ বার পড়া হয়েছে