মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রূপনগরে ভাঙা হলো আটটি গেট
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে সড়কের ওপর অবৈধভাবে নির্মিত আটটি গেট ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফুটপাত ও রাস্তার জায়গা দখল করে গড়ে উঠা প্রায় শতাধিক দোকান ও হকারের স্থাপনাও উচ্ছেদ করা হয়। এতে প্রায় এক কিলোমিটার এলাকা দখলমুক্ত হয় বলে জানায় ডিএনসিসি।
অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকানকে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, "জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলো জনদুর্ভোগ সৃষ্টি করছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমরা এগুলো অপসারণ করেছি। যেসব গেট বিনা অনুমতিতে স্থাপন করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে।"
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
৪০৮ বার পড়া হয়েছে