এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। এবার প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার শুধু অনলাইনে এ আবেদন করা যাবে। কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।
আবেদনের পরের ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে দেখা যাবে। যে বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে নির্বাচিত বিষয় অনুযায়ী মোট ফি কত হবে, তা দেখানো হবে।
প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয় হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
আবেদন ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে জানা যাবে।
তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয় নতুন করে নির্বাচন করা যাবে।
ফি পরিশোধ করার পর নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। একই সঙ্গে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না। তবে একজন শিক্ষার্থী প্রথমবার আবেদন করার পর অতিরিক্ত কোনো বিষয়ের জন্য পুনরায় আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধ সফল হওয়ার পর আবেদন পোর্টালে আবার প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হলেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন চূড়ান্তভাবে সম্পন্ন হবে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার। ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের এই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে