বিএফইউজে-ডিইউজের র্যালিতে জুলাই শহিদদের স্মরণ
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিতে সাংবাদিক নেতারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতারা। এ সময় তারা জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অর্জন ও চেতনাকে নষ্ট করতে দেশ-বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।
বক্তারা এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল অবস্থান অব্যাহত রাখতে হবে।
১৩২ বার পড়া হয়েছে