জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত সভায় প্রতিমন্ত্রী: ২০২৮ সালে চালু হবে প্রাথমিকের নতুন কারিকুলাম
রবিবার, ১৭ মে, ২০২৬ ১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ডিজাইন, পাইলটিং ও শিক্ষক প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হবে। আগামী এক বছরের মধ্যে এর নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
রবিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলামে ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার সাফল্য নির্ধারণ করা হবে শিক্ষার্থীরা কতটুকু বাস্তবভাবে শিখছে, তার ভিত্তিতে। শ্রেণিকক্ষের পাঠদানের মান, শিক্ষার্থীদের শেখার সক্ষমতা এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে মূল্যায়নের কেন্দ্রবিন্দুতে আনা হবে।
তিনি আরও বলেন, ভাষা, গণিত, নাগরিক শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে নতুন কারিকুলাম সাজানো হচ্ছে। এটি শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
ববি হাজ্জাজ জানান, ভবিষ্যতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং শিক্ষার্থীদের শেখার ফলাফলই হবে শিক্ষা ব্যবস্থার মূল মাপকাঠি। পাঠ্যবই প্রণয়নেও শিক্ষার্থীদের প্রেক্ষাপট, প্রয়োজন এবং শেখার প্রত্যাশিত ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন ফরিদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১২১ বার পড়া হয়েছে