সিআইপি ও এনআরবি সম্মাননা পেলেন সৌদি প্রবাসী ব্যবসায়ী আবদুল গনি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রদত্ত সিআইপি (Commercially Important Person) ও এনআরবি (Non-Resident Bangladeshi) ২০২৪–২০২৫ সম্মাননা অর্জন করেছেন বাগান বাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সৌদি আরব প্রবাসী আবদুল গনি।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের হাতে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে বৈধ রেমিট্যান্স প্রেরণ, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী আবদুল গনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে সিআইপি ও এনআরবি সম্মাননা গ্রহণ করেন।
জানা যায়, ২০২৫ সালের সিআইপি তালিকায় দেশজুড়ে ৮৬ জন প্রবাসী বাংলাদেশি স্থান পেয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলার প্রবাসীদের মধ্য থেকে সর্বোচ্চ ৩৪ জনকে সিআইপি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ফটিকছড়ির মতিন নগর, বাগান বাজার ইউনিয়নের আবদুল গনির নামও এ তালিকায় রয়েছে। সৌদি আরব থেকে মোট তিনজন প্রবাসী বাংলাদেশি এ বছর সিআইপি ও এনআরবি সম্মাননা অর্জন করেন।
দীর্ঘ প্রবাস জীবনে সৌদি আরবে কঠোর পরিশ্রম, সততা ও দক্ষতার মাধ্যমে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আবদুল গনি। প্রবাসে অবস্থান করেও তিনি দেশের মানুষের কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশেষ করে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
তার এই অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা বলেন, আবদুল গনির সিআইপি অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো বাগান বাজার ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার জন্য গর্বের বিষয়। তার সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ উপলক্ষে বাগান বাজার ইউনিয়ন প্রবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশের কল্যাণে তার অবদান অব্যাহত রাখবেন।
আবদুল গনির এই অর্জনে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এবং রিয়াদ বাংলাদেশ কমিউনিটিও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
১১৭ বার পড়া হয়েছে