‘বাংলার প্রেমে উইকি ২০২৬’ প্রতিযোগিতা শুরু, ১,১০০ মার্কিন ডলার নগদ পুরস্কার
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলার উৎসব, রঙ, আনন্দ ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি ২০২৬’ (Wiki Loves Bangla)।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে মোট ১,১০০ মার্কিন ডলার নগদ পুরস্কার জয়ের সুযোগ। উইকিমিডিয়া আন্দোলনের এই উদ্যোগ বাংলা সংস্কৃতিকে ডিজিটালভাবে সংরক্ষণ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন করা হয়ে আসছে এই প্রতিযোগিতা। এবারের তৃতীয় আসর শুরু হয়েছে গত ১৪ আগস্ট এবং চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ‘বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রম’-এর অংশ হিসেবে এটি আয়োজন করছে ‘বাংলা উইকিমৈত্রী’।
প্রতিবছরের মতো এবারও একটি নির্দিষ্ট প্রতিপাদ্যকে কেন্দ্র করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘বাংলার উৎসব’। পহেলা বৈশাখ, দুর্গাপূজা, ঈদ, নবান্ন কিংবা গ্রামীণ মেলা—বাংলার বিভিন্ন উৎসবের যেকোনো দিক উঠে আসতে পারে প্রতিযোগীদের ক্যামেরায়। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ছবি ও ভিডিও জমা দিয়ে অংশ নেওয়া যাবে, এবং একজন অংশগ্রহণকারী একাধিক কাজ জমা দিতে পারবেন।
আয়োজকদের মতে, বাংলার উৎসবের চিত্র শুধু নান্দনিকতার বিষয় নয়, বরং এগুলো ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার গুরুত্বপূর্ণ দলিল। এসব আলোকচিত্র ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ভবিষ্যৎ গবেষণা, শিক্ষা এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলার ঐতিহ্য ও জীবনাচার দীর্ঘমেয়াদে সংরক্ষিত হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে।
প্রতিযোগিতায় সেরা ১০টি আলোকচিত্র আন্তর্জাতিকভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী পাবেন ৪০০ মার্কিন ডলার, দ্বিতীয় স্থান ৩০০ মার্কিন ডলার এবং তৃতীয় স্থান ২০০ মার্কিন ডলার পুরস্কার। এছাড়াও শীর্ষ ১০ জন বিজয়ীর জন্য থাকবে ক্রেস্ট ও সম্মাননাপত্র। পাশাপাশি সেরা ভিডিওর জন্য থাকছে ১৫০ মার্কিন ডলার নগদ পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননাপত্র।
উল্লেখ্য, ‘বাংলা উইকিমৈত্রী’ একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। ২০২৩ সালে মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে এই উইকিমিডিয়া হাব প্রতিষ্ঠিত হয়।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণ করতে আগ্রহীরা ভিজিট করতে পারেন: https://w.wiki/KLbd
১২৩ বার পড়া হয়েছে