টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪; গুরুতর আহত ১
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশভর্তি ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ বোঝাই করার কাজ চলছিল। এ সময় বড়চওনা দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগিবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে পিকআপ ভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ট্রাকে থাকা একজন ব্যক্তি গুরুতর আহত হন।
নিহতরা হলেন— জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, ভোরের দিকে সড়কে কম যানবাহন চলাচল করলেও অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
১৪১ বার পড়া হয়েছে