সাহিত্য
প্রতিটা দিন
সেইতো, সন্ধ্যে নামে
ন. নাহার আনছারী
সোমবার, ৮ জুন, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রতিটা দিন
নিয়ম করে
সন্ধ্যে নামে,
সূয্যি ডোবে
তোমার পটে।
আলোর মিছিল
নূপুর পায়ে,
ঝলক তুলে-
চলে ফিরে
অন্য হাটে।
নিত্য ভোরে
বকুল-সভা
ভেস্তে যায়—
গাছের তলে
মানুষ হাঁটে।
শিউলি-বোঁটা
বেণীর ফাঁদে
আঁটকে থাকে,
অবুঝ কাকই’র
হৃদয় ফাঁটে।
টিপের মতোন
চাঁদনী-মুখ,
মলিন চেতন-
ঘুমের চোখ,
হেঁশেল কোর্টে।
প্রতিটা দিন
নিয়ম করে
সন্ধ্যে নামে,
সূয্যি ডোবে
তোমার পটে।
ধানের গন্ধে
আঁচল ভরে,
বাদল-দিনের
ক্লান্তি এসে
উঠোনে জোটে।
অভাগা মন
ভেজা চোখে
কাজল লেপ্টে,
ছুটির খোঁজে
বেড়ায় ছুটে।
আকাশ-নীলা
একলা থাকার
স্বভাব ভুলে,
সাঁতরে চলে
গোলাপ ঠোঁটে।
তপ্ত দুপুর,
রেশমি চুড়ি,
নাকের নোলক—
কলসী-বৈঠক
ললাট-ঘাটে।
সেইতো আবার
নিয়ম মেনে
সন্ধ্যে নামে,
সূয্যি ডোবে
তোমার পটে।
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর