বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সৈকতে পর্যটকদের অসচেতনতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত জমছে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য। এতে একদিকে যেমন সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশও পড়ছে হুমকির মুখে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ পরিস্থিতি মোকাবিলায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের উদ্যোগে কুয়াকাটা সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে পর্যটকদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিল আহমেদ। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অন্যদিকে, ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পায়রা সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
১৩৩ বার পড়া হয়েছে