নিষিদ্ধ কসমেটিকস ও নষ্ট মিষ্টি বিক্রি
চুয়াডাঙ্গায় ৫ দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ কসমেটিকস ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় পাঁচ দোকানিকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (গতকাল) বেলা ২টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় হোটেল, পাইকারি ভোজ্য তেল, কসমেটিকস ও মসলার দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ও তারিখবিহীন দই এবং নষ্ট মিষ্টি বিক্রির দায়ে কার্তিক চন্দ্র বসুর প্রতিষ্ঠান ‘বসু সুইটস’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় টিনা দেবীর প্রতিষ্ঠান ‘পলক গিফট কর্নার’-কে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিষ্ঠান ‘মেসার্স সওদাগর গিফট গার্ডেন’-কে ২৫ হাজার টাকা, মো. দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠান ‘মা রোকেয়া ট্রেডার্স’-কে ৫০ হাজার টাকা এবং মোছা. মাহফুজা খাতুনের প্রতিষ্ঠান ‘মামুন গিফট কর্নার’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট পাঁচ দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমস্যা সমাধান করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম।
১২৬ বার পড়া হয়েছে